10 June, 2023

অনুভাবনা



মদিনার পথ-ধূলি খুঁজে ফিরি যেই,
নিমিষে হারিয়ে ফেলি,নেই সেথা নেই।

মদিনার দিশা যবে এ হৃদয়ে বুনি
কবেই হারিয়ে ফেলি সে প্রমাদ গুনি।

মদিনার পঙক্তিরা - যে এতো চঞ্চল?
রয় না আমার কাছে,সে মুক্ত সচল।

মদিনা পানেই টানে কলমের লেখা
মিলুক অন্তত এর রাসুলের দেখা।

হৃদয় বীণায় জাগে তোমার সে দান
মদিনায় নিয়ে যাও, শোনাও আযান।

ভবেতে ঝঞ্ঝাট কিবা যত বাধা আসে,
আশা তব দয়া যেন থাকে সদা পাশে।

মরণে নাহিক ভয়,পেলে তব দেখা,
সার্থক জীবন তাহে ,সার্থক এ লেখা।

আযাব কবরে, শুধু তুমিই সহায়
দিও তব দয়া-দান,খোদার দোহাই।

কিয়ামতে যবে ঘোর ঘনায়ে বিপদ,
তোমার শরণ চাহি, ঠাঁই হবে পদ।

হাশরে বিচার দিনে সুপারিশ তব,
দয়া মাঝে তাই খুঁজে আমি বেঁচে রব।
 
মদিনার সুর ছুটে অবিরাম পথে,
এবার জাগাও সূর্য এ হৃদয় হতে।

04 June, 2023

দিগন্ত প্লাবিত দান

 
দিগন্ত প্লাবিত দান

দয়ার বাদল বরষে চৌদিক,
আকুল আত্মায় আলোক দিতে,
"এ কে এসেছেন "ধ্বনিছে দিকে 
শহর,নগর,অলি-গলিতে।।

এ কোন জনের গুঞ্জন?
উম্মত তরে অশ্রু বর্ষণ,
খোদার পরম,রহম এমন,
যা দিয়েছেন প্রিয় নবিতে ।।

এ কে এসেছেন-দুঃখ বন্ধ,
এ কার তরে নতুন ছন্দ,
সৃষ্টিজগত,বিশ্ব ছুটে,
কদমতলে করম নিতে ।।

শোষকরা আজ ভয়ে পালায়,
চেয়ে দেখো দয়াল আসায়,
আর্ত এবার মুচকি হাসে,
 পেল ফিরে অগণিতে ।।

এ কে এনেছেন প্রশান্তি কথা?
সাম্যবাদ আর স্বাধীনতা,
ঘুচল সকল কলুষ প্রথা,
যাই ঘটেছে আগে,অতীতে।।

অনেক হলো-হে পথিক এবার,
দেখাও আমায় নবির দরবার,
সবুজ গম্বুজ দেখব একবার,
নূরের শহরে পথ চলিতে।।

স্বর্গকানন পুষ্প সাজায়,
স্বর্গের বাদশারই রওজায়,
কত শত ছুটে দরজায়,
প্রেমিক এমন প্রেমগলিতে।। 

25 April, 2023

বখশিশ

 




 ঈদের খুশি বাড়বে দ্বিগুণ
করবে যবে দান
ঈদের আমেজ দাও ছড়িয়ে
হাসুক তবে প্রাণ।

মেঘের রাজ্যে আকাশ যেমন
প্রার্থী হয়ে রয়,
ঈদের খুশি আনুক তেমন
হৃদয়ে বিনয়।

রোজার শেষে ঈদ এনে দেয়
প্রীতির কেমন সুর?
দিগন্তে ওই আলোর আভায়
আনে যেমন ভোর।

এমন আলোয় সাম্য দেখায়
জাগাও তব হৃদ,
শান্তিবার্তা দাও ছড়িয়ে
রাঙাও এবার ঈদ।

লেখাঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান 

23 March, 2023

খোদারই দয়ার ধারা




 খোদারই          দয়ার ধারায় আত্মাহারা,
                          করে দেয় যে মন,
যেথা যায়         সেথা মিলে।আকুল এ দিল,
                           সাজদাতে মগন।
                           
                                                                       যেদিকেই          দু'চোখ মেলি,সেদিক মাঝেই
                           তব দয়া দান;
অফুরান           রহমতে যে বান ডেকে যায়
                       সিক্ত করে মন। [ঐ]
                                           
 
নূরের              ঝলক দিলে ধরার পরে,
                            আঁধার করতে দূর ;
নবিরূপে           পেলাম প্রদীপ,দয়া সে যে
                         তোমারই পরম[ঐ]
                                                               

তোমারি         প্রেমের বাণী দাওনি শুধু;
                          দিয়েছ দয়ার নবি,
রবি যে           হার মেনে নেয় দেখে তাঁরই,
                         উজল সে আনন।[ঐ]
                                                                                                         
যেদিকেই           ঘুরে ফিরি উছলে পড়ে
                            তাঁহার এমন নূর
খোদারই           কুদরতে যে কূল মিলে না,
                            হার মানে মনন।[ঐ]


রাসুলের            পরম শীতল বাণীগুলো
                            চোখে এনে দাও;
তোমারি           কোরান হতে বুঝবে ও না'ত-
                             খুঁজবে   দু'নয়ন।[ঐ]


বিপদে           না ডরিতে দিলে তুমি
                        তোমার বন্ধু আউলিয়া
তোমারই        তান এনে দেয় হৃদয়তে,
                           নেয় করে আপন।[ঐ]


অবিরাম           সুর বুনে যায় -কাব্যমালায়
                           তোমার সে কথা;
এ বাণী             অনুগামী হোক নবিজির 
                          হোক সেথা চলন।[ঐ]      

তোমারি           শরণ মাঙে,কাজী নামের
                           লেখক লিখেই যাক 
 নবিজির         প্রেমে  তবে ধরার সবার
                             দাও রাঙিয়ে মন।[ঐ]

লেখাঃ.কাজী আহমদ এয়ার খান নাহিয়ান 

30 January, 2023

অচিন শহর

 


অচিন শহর 

খানিক দ্যুতি যায় ছড়িয়ে দিগন্ত পথ ধরে,
মেঘের দলেও বিস্মিত হয় আলোর সে মন্তরে।

এ কি কোন তারার আলো, দেখছি আঁধার মাঝ,
নাকি জমায় পূবের সীমায় রহস্যেরই ভাঁজ?

দিগন্তে তায়,মেঘ ছুটে যায়,সম্মুখে ওই পানে
প্রভাত কালে নিঝুম ধরা, মানবও অজ্ঞানে।

ভোরের এমন তীক্ষ্ণ আলো, চোখ যে তা না সয়,
কবির কলম থমকে পড়ে, শঙ্কা আনে ভয়।

স্নিগ্ধ কিরণ,শীতল সমীর, মনের অচিন তীরে
দুঃখ, কষ্ট বেদনাকে ঘায়েল করেই ফিরে।

ভয় পেয়ে হয়,নাজুক যেথায় বিশ্বাসেরই ভিত-
কার আসাতে ভরসা মিলে,হৃদয় করে জিত?

ভোরের আলো কোথায় পেলে এমন দ্যুতির খোঁজ?
কার আলোকন তোমার মাঝে চমক আনে রোজ?

সুর্য, সে এক অচিন শহর দেখছে প্রতিদিন,
তারি এমন আলোক আভায় সবার হলো ঋণ।

নামখানি তার মদিনা যে জাগায় প্রাণে সুর
'মুনাওয়ারা' তাইতো হলো, দেয় হৃদয়ে নূর।
 
হেথায় হতে ছড়ায় দয়া,দূর দিগন্ত ও নভে
সৃষ্টিকূল-মহাবিশ্ব কিবা মোদের আপন এ ভবে।

দয়া রাজের দয়া ধ্বনি,হৃদয় দুয়ার খোলা
সত্য হাওয়ায় প্রশান্তিতে মনেরই পাল তোলা।

বখশিশেরই কুঞ্জ মিলে এই দুয়ারে গেলে
আর্তে আনে প্রাণের হাসি,পাওয়ার সবি পেলে ।

নির্ঝরে দেয় যেমন জলের ধারা নিরবধি
তেমনি রচে অকুল পাথার,তাঁর দয়ারই নদী।

সুর্য্যি যেমন ছড়ায় আলো,ধরার সবার তরে;
তেমনি তিঁনি বিত্ত বিলান নিঃস্ব হৃদয় ভরে।

বন্ধু যখন পর হয়ে যায়,সুখ হয়ে যায় বাসি
মাটির ঘরে অশ্রু ভুলান,নিমেষ মাঝেই আসি।

জানতে চাও কি তুমি তাঁরি প্রেমের প্রতিদান?
অসীম সেতো হার মেনে যায়,অঙ্ক হারায় জ্ঞান।

বিশ্বাসেরই একক সে যে ওই মদিনার নাম
জ্ঞানের ছোপে প্রেমেরই রং আঁকছে অবিরাম।

খানিক দ্যুতি দেয় ছড়িয়ে মনেরই প্রান্তরে
রসুল নামের স্নিগ্ধ আভায় হৃদয় পূর্ণ করে।

লেখাঃকাজী আহমদ এয়ার খান নাহিয়ান 

তুমি রয়ে যাবে

বাংলার যে পলিমাটির সৌরভ   তোমার অস্তিত্ব জুড়ে   তাকে আমি বড্ড ভালোবাসি। কত যাযাবর, কত পথিক,সন্ন্যাসী, কত দরবেশ,  উদাসী কবি, জনেজনে  খুঁজে...

জনপ্রিয় পোস্টসমূহ