*হাদায়েক্বে বখশিশ
প্রেম কিছু ছিল,সবটাই দিল
দুয়ারে প্রেমাস্পদে,
কথামালা তাই,ফুল হয়ে যায়
জানায় অর্ঘ্য পদে।
যেই স্মৃতি মনে,জেগে ওঠে ক্ষণে
ভাবনায় প্রতিবার,
এবার তবে কি,তাঁরি রূপ দেখি
সে-ই হলো নির্ভার?
ওগো বেরেলীর,হৃদ কোণে নীর
প্রেমবান মহারাজ,
আছি হেথা দূরে,তান কিছু মোরে
দান করে দাও আজ।
ধূলিকণা জাগে,তব লেখা আগে
শুধু ওই মদিনার,
বিরহ বচন, করেছে রচন
অশ্রু বিরহে তাঁর।
তোমার লেখায় প্রেম আসে তাই;
জুড়ে যায় কবিতাতে,
তোমার কলম লিখে অনুপম
বোধের স্বরূপ সাথে।
এত প্রেম তবে,ছড়ালো যে নভে
কোথা পেলে তুমি তা?
এত প্রেমসুর,এত সুমধুর
অপূর্ব সে কবিতা।
প্রেমাস্পদের,দান যবে ফের
মিলে যায় হৃদ মাঝে,
তব কথাগুলো, যেন পেঁজা তুলো
কবিতাতে তাই সাজে।
ওগো মহারাজ,দাও তবে আজ
কিছু তান কবিদের,
জাগালো যে প্রাণ,চাইছি সে দান
হাসসান হিন্দের।
পেলাম তখনি তব প্রেমধ্বনি
হাদায়েক্বে বখশিশ,
যখনি বাতাসে আসে,ধীরে আসে
মদিনার শুভাশিস।
ওগো প্রাণনাথ,আলা হাযারাত
তব কথা দাও বলে,
যাই খুঁজে ফিরি,যেন শুধু সিঁড়ি
চলে ছুটে অতলে।
মদিনার কথা,এক প্রেমপ্রথা
মুকুলিত হৃদয়ে,
ছুটে চারদিক,সে যে নির্ভীক
দমেনা কভু সে ভয়ে।
২.১২.২৪
✍️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
No comments:
Post a Comment